রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসতে পারে ইউক্রেন। সংবাদমাধ্যম বিবিসি-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিসটাইকো।
যে কোনও দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আশঙ্কা প্রকাশের পর রবিবার নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ না দেওয়ার ব্যাপারে সতর্ক করে আসছিলেন।
পশ্চিমা সামরিক জোটটিতে যোগদান থেকে ইউক্রেন সরে আসবে কিনা? বিবিসি-র এমন প্রশ্নের জবাবে প্রিসটাইকো বলেন, যুদ্ধ এড়াতে ইউক্রেন এই জোটে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসতে আগ্রহী।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখেরও বেশি সেনাসমাবেশের ঘটনায় ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন আসন্ন। এমন পরিস্থিতিতেই রবিবার ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসার ইঙ্গিত দিলো ইউক্রেন।








