বেলারুশে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে স্থানীয় সময় রবিবার বিকাল ৩টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। বেলারুশে রুশ প্রতিনিধি দলের প্রধান এবং ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এ তথ্য জানিয়েছেন।
আরআইএ নভোস্তির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, বেলারুশে রুশ প্রতিনিধি দল নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করবে। সেখানে তারা ইউক্রেনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে।
রাশিয়া শান্তির পক্ষে বলেও জানান রুশ প্রতিনিধি দলের প্রধান।
এর আগে বেলারুশকে রাশিয়ার অবৈধ আগ্রাসনের সহযোগী আখ্যায়িত করে দেশটিতে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এর বদলে অন্য কোথাও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা বসতে চাই, আমরা এই যুদ্ধের অবসান চাই। রাশিয়াকে ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকুতে আলোচনার প্রস্তাব দিচ্ছি। বেলারুশে আলোচনা সম্ভব হতো যদি দেশটির ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া ইউক্রেনে হামলা না চালাতো।







