তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, রাশিয়া বা ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবে না তুরস্ক। ইউক্রেনে রুশ আক্রমণ চলমান থাকা পরিস্থিতিতে সোমবার তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এরদোয়ান বলেছেন, যুদ্ধের উত্তেজনা কমাতে তুরস্ক তাদের দুটি প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেবে তুরস্ক।
ন্যাটো মিত্র তুরস্ক রবিবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে ১৯৩৬ সালের একটি ধারা বাস্তবায়নের সুযোগ পাবে তুরস্ক। যে ধারায় তুরস্কের প্রণালীতে রাশিয়ার নৌযানের চলাচল সীমিত করা যাবে। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে তুরস্কের জলসীমা রয়েছে এবং দেশ দুটির সঙ্গে রয়েছে সুসম্পর্ক। এই প্রণালী দুটি ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে।
মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান ইউক্রেনে হামলায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই প্রবণতা আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত।
এরদোয়ান বলেছেন, তুরস্ক ন্যাটোসহ নিজেদের মিত্রদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। কিন্তু এই অঞ্চলে ‘জাতীয় স্বার্থ’ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না।
তুর্কি প্রেসিডেন্ট আবারও রাশিয়ার আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।








