মার্কিন প্রতিষ্ঠানের ধারণ করা স্যাটেলাইট ছবিতে আবারও ধরা পড়েছে ইউক্রেনে থাকা রাশিয়ার বিশালাকার সেই সামরিক বহর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানী কিয়েভের কাছের এই বহরটিকে মূলত ছত্রভঙ্গ হয়ে পড়তে এবং সেনা সমাবেশ ঢেলে সাজাতে দেখা গেছে।
এই বহরটিকে সবশেষ কিয়েভের উত্তর-পশ্চিমে অ্যান্টোনোভ বিমানবন্দরের কাছে দেখা যায়। আর এর গতিবিধি ইঙ্গিত দিচ্ছে, এটি শহরের দিকে নতুন করে অগ্রসর হতে পারে।
বহরের ছবি ধারণ করা প্রতিষ্ঠান মাক্সার টেকনোলোজিস শুক্রবার জানিয়েছে, বহরটির অংশবিশেষ আশপাশের শহরগুলোতে অবস্থান নিয়েছে। অন্য অংশ আরও উত্তরের দিকে সরে গেছে। কামানগুলো গোলা নিক্ষেপের অবস্থানে রয়েছে।
শুক্রবার ইউক্রেনের অভ্যন্তরে পরস্পরের বিপরীত দিকে অবস্থিত দুটি শহরে প্রথমবারের মতো হামলার খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিমের লুটস্ক শহরে একটি বিমান ঘাঁটি এবং একটি বিমান মেরামত কারখানায় বিস্ফোরণ ঘটে। পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো শহরে বিমান হামলায় একজন নিহতের খবর জানা গেছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমের ইভানো-ফ্রাঙ্কিকভস্ক বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘ইউক্রেনের বড় শহরগুলো আবারও ভয়াবহ হামলার শিকার হয়েছে।’ তিনি দাবি করেন, লুটস্কে গোলাবর্ষণের কারণে দুটি হিটিং কম্পাউন্ড ধ্বংস হয়েছে। তিনি বলেন, ‘বেসামরিক এবং বড় শহরগুলোর ওপর রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রয়েছে’।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা জানান, তার আগের ২৪ ঘণ্টায় রুশ বাহিনী কিয়েভের দিকে আরও তিন কিলোমিটার এগিয়ে গেছে।
সূত্র: বিবিসি








