দখলদার রুশ বাহিনী ইউক্রেনের মারিউপোল শহরটিকে একটি কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছে। এমন অভিযোগ করেছেন শহরটির মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুশচেঙ্কো।
ইউক্রেনীয় একটি রেডিও স্টেশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এমনকি রাস্তায় আপনি এখন থাকতে পারবেন না যদি আপনার কাছে একসঙ্গে দুইটি কাগজ না থাকে: একটি পরিস্রাবণ পাস করার বিষয়ে, অন্যটি রাস্তায় থাকার সাধারণ অনুমতি।’
তিনি বলেন, দুই হাজারেরও বেশি পুরুষকে রাশিয়ার বেজিমিয়ানায়ে অঞ্চলে কথিত পরিস্রাবণ শিবিরে নিয়ে গিয়ে কয়েক সপ্তাহ ধরে সেখানে রাখা হয়েছিল।
এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা না পাঠাতে ন্যাটোকে ফের সতর্ক করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে মস্কো।








