ইউক্রেনে পাঠানো যুক্তরাষ্ট্রের কোনও অত্যাধুনিক রকেট লঞ্চিং ব্যবস্থা ধ্বংস করতে সমর্থ হয়নি রাশিয়া। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি এই দাবি করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জেনারেল মাইলি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কোনও হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ধ্বংস করতে পারেনি।
সাংবাদিকদের তিনি বলেন, আজ পর্যন্ত রুশরা কোনও ব্যবস্থা ধ্বংস করতে পারেনি। ইউক্রেনীয়রা এগুলো ব্যবহার করছে খুব কার্যকরভাবে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে হিমার্স ব্যবস্থাগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে আরও চারটি এম১৪২ হিমার্স ব্যবস্থা পাঠাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স ব্যবস্থার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬টি।
গত সপ্তাহে ইউক্রেন দাবি করেছে, মার্কিন হিমার্স ব্যবস্থা ব্যবহার করে নোভা কাখোভকা শহরে রাশিয়ার দুটি অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে।
সূত্র: নিউজউইক








