ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার দাবি করেছেন, যুদ্ধে ব্যাপক সেনা হারানোর বিষয়টি গোপন করতে রাশিয়া নিজেদের নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে। এর ফলে চলমান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এই দাবি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণপশ্চিমের শহর তকমাকে একটি ভ্রাম্যমাণ শ্মশান স্থাপন করেছে।
মলোচনা নদীর তীরবর্তী এই শহরটির জনসংখ্যা প্রায় ৩২ হাজার। গত বছর মার্চ থেকে শহরটি রাশিয়ার দখলে। গত গ্রীষ্ম থেকে ইউক্রেন শহরটি পুনরুদ্ধারে পাল্টা হামলা চালিয়ে আসছে।
দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, জানুয়ারিতে ইউক্রেনীয় এক হামলায় রুশ পক্ষের অন্তত ৮০ জন নিহত হয়েছে।
মোট নিহতের সংখ্যা অস্পষ্ট। ইউক্রেনীয় সেনা কর্মকর্তারা বলছেন, শহরে তারা একটি ভ্রাম্যমাণ শ্মশান স্থাপন করতে দেখেছেন। এতে নিহতের সংখ্যা নিরূপণ কঠিন হয়ে পড়েছে।
রাশিয়া যে নিজেদের নিহত সেনাদের পুড়িয়ে ফেলছে-এই দাবির পক্ষে ইউক্রেনের প্রধান প্রমাণ হলো দুর্গন্ধ। ফেসবুকে ইউক্রেনীয় কর্মকর্তারা লিখেছেন, স্থানীয়রা মরদেহ পোড়ানোর অভিযোগ করছেন। বিশেষ করে রাতে দুর্গন্ধ ছড়াচ্ছে বেশি।
নিহতের মরদেহ পুড়িয়ে ফেলার ফলে ইউক্রেনে নিহত রুশ সেনাদের সংখ্যা কেবল রাশিয়াই জানাতে পারবে। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকেই এই বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে রাশিয়া। নিয়মিত নিজেদের নিহতদের সংখ্যা জানাচ্ছে না মস্কো। ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা নিহতের সংখ্যা বিশ্বাসযোগ্য নয়। সাধারণত, ইউক্রেন প্রকৃত নিহতের সংখ্যার চেয়ে বাড়িয়ে বলে আসছে।
বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, আগের দিন বুধবার ৯১০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের হিসাব অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত দিনে ২ হাজার ৮৫০ জনকে হত্যার দাবি করেছে তারা।
তবে পশ্চিমা কর্মকর্তারা ধারণা করছেন, যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।








