ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিন্তু এই খবরটিকে গুজব আখ্যা দিয়ে অস্বীকার করেছে ক্রেমলিন। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় গত মার্চে মুখোমুখি বৈঠকের সময় শি পুতিনকে এ প্রসঙ্গে সতর্ক করেছিলেন। তবে ক্রেমলিন বুধবার (৫ জুলাই) বলেছে, ‘প্রতিবেদনটি মিথ্যা ও ভুয়া।’
ক্রেমলিনের মুখপাত্র ও পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, ‘ওই গুরুত্বপূর্ণ সফরের প্রচুর তথ্য প্রকাশ করা হয়েছিল। দুই নেতার সাক্ষাৎকারের আলোচনার সারমর্ম স্বাক্ষরিত নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ ছাড়া যা ছড়িয়েছে তা কাহিনি ছাড়া কিছুই নয়।’
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে পশ্চিমা বিশ্বের নজিরবিহীন চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় থেকে পুতিন ও শি জিনপিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তাদের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে আন্তর্জাতিক মিডিয়ায়।
ইউক্রেনীয় কর্মকর্তারা জাপোরিজ্জিয়ায় রাশিয়ার দখলে থাকা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর সম্ভাব্য হামলার অভিযোগের মধ্যেই দিমিত্রি পেসকভের মন্তব্য সামনে এসেছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, যেকোনও সময় দখলকৃত প্ল্যান্টে বেপরোয়া পদক্ষেপ নিতে পারে মস্কো। এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ প্রস্তুত আছে। যুদ্ধের গতি নিজেদের পক্ষে টানতে এবং সামরিক লক্ষ্য অর্জনে মরিয়া রুশ বাহিনী।
সূত্র: আল জাজিরা







