ইউক্রেনের বাখমুতের বেশ কয়েকটি অঞ্চলে পাল্টা হামলায় রুশ সেনাদের বিতাড়িত করেছে ইউক্রেনীয় সেনারা। সোমবার এমন দাবি করেছেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি। টেলিগ্রাম বার্তায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাখমুতের পরিস্থিতি বেশ জটিল। শহরটির বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনীয়দের পাল্টা হামলায় পিছু হঠতে বাধ্য হয়েছে রুশ বাহিনী।’
এই বিষয়ে রাশিয়া বা রুশ মনোনীত স্থানীয় কর্মকর্তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে রবিবার বাখমুতে অগ্রগতির দাবি করেছিল রুশ সেনাবাহিনী। ওই দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, রুশ সেনারা বাখমুতের পশ্চিমাঞ্চলে চারটি ব্লক দখল করেছে। যুদ্ধক্ষেত্রে উভয়পক্ষের দাবি স্বতন্ত্রভাবে কোনও পশ্চিমা সংবাদমাধ্যম যাচাই করে সত্যতা নিশ্চিত করতে পারেনি।
- দেশ পরিচিতি: রাশিয়া
পূর্ব ইউক্রেনীয় শহরটি দখলের জন্য ১০ মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। ছোট শহরটি রাশিয়া ও ইউক্রেনের জন্য প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলমান লড়াইয়ে উভয়পক্ষে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
সোমবার রাতেও ইউক্রেনের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এসব হামলায় পূর্বাঞ্চলে দুজন নিহত, অগ্নিকাণ্ড এবং কয়েক ডজন ঘরবাড়ি এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার। সোমবার (১ মে) টেলিগ্রামে একটি পোস্টে ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, প্রতিদিন লড়াইয়ে প্রায় ৩০০ টন গোলাবারুদ প্রয়োজন হলেও রুশ সরকারের কাছে এর মাত্র এক-তৃতীয়াংশ পেয়েছেন তিনি। সম্প্রতি অস্ত্র সংকটের কারণে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকিও দেন তিনি।
- দেশ পরিচিতি: ইউক্রেন
২০২২ এর ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিছু দিন ধরে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই পাল্টা আক্রমণ চালাতে পারে ইউক্রেন। তাদের লক্ষ্য রাশিয়ার দখলকৃত সব ভূখণ্ড পুনরুদ্ধার করা।
ইউক্রেনীয় পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখার গুরুত্বের কথা তুলে ধরেছেন। তার মতে, ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য এই শহরটির নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। তিনি আশা করছেন, পাল্টা আক্রমণে যুদ্ধের গতি পাল্টে যাবে।
বাখমুত সফরের পর সিরস্কি এক বিবৃতিতে বলেছেন, কমান্ডারদের সঙ্গে আমরা বেশ কয়েকটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি। এসব সিদ্ধান্তের লক্ষ্য হলো কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করা এবং শত্রুদের যত বেশি সম্ভব ক্ষতি করা।
তিনি আরও বলেছেন, সব পূর্বাভাস ও পরামর্শের পরও আমরা বাখমুত ধরে রাখার লড়াই চালিয়ে যাব। আমরা ওয়াগনার এবং রুশ সেনাবাহিনীর লড়াইয়ের দক্ষ সেনা ইউনিটকে আমরা ধ্বংস করা চালিয়ে যাব।
সিরস্কি বলেছেন, আমরা আমাদের রিজার্ভ-সেনাদের প্রস্তুতির সুযোগ দেব এবং আমরা নিজেরাও আরও পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এর আগের দিনও ইউক্রেন বাখমুত রুশ হামলা প্রতিহত করার দাবি জানিয়েছিল। তবে রবিবার মস্কে-পন্থি স্থানীয় কর্তৃপক্ষের প্রধানও বলেছিলেন, রুশ বাহিনী অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছিলেন, বাখমুতে তুমুল লড়াই চলছে। শত্রুরা নিজেদের সব শক্তি প্রয়োগ করেও শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। বাখমুতের প্রতিরক্ষা নিজের সামরিক লক্ষ্য অর্জন করছে।
পৃথকভাবে পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, বাখমুতে এখনও খাবার, গোলাবারুদ, ওষুধ পাঠাতে পারছে ইউক্রেন। আহত সেনাদেরও সরিয়ে আনা সম্ভব হচ্ছে।
এদিকে বাখমুতে রুশ সেনা হতাহতের সংখ্যা নিয়ে বোমা ফাটালো হোয়াইট হাউজ। গোয়েন্দা সংস্থার বরাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি দাবি করেন, যুদ্ধ শুরুর পর গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ও প্রায় ৮০ হাজার আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স








