রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তারা খবর পান যে, উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তুরাগ থানার ডিউটি অফিসার এসআই সামিয়া আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের সব কর্মকর্তারা সেখানে আছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।









