সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিদ্যুতের খুঁটি উপরে তার ছিঁড়ে এবং সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ে জেলার ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কেও সমস্যা দেখা দিচ্ছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার (২৬ মে) সকাল থেকেই জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার প্রায় অধিকাংশ এলাকায় সারা দিনই বিদ্যুৎ ছিল না। অন্যান্য এলাকাতেও বিদ্যুৎ ছিল আসা-যাওয়ার মাঝে। তবে জেলা সদরের পৌর শহরে রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছিল। কিন্তু ঝড়ে সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ায় রাত ১১টার পর বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
উপকূলের বুড়িগোয়ালিনী এলাকার আব্দুল হালিম বলেন, ‘আমার ফোনে শেষ হয়ে গেছে। ফোন বন্ধ হয়ে যাবে। অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে না।’
উপকূলের জান্নাতুল নাইম বলেন, ‘নেটওয়ার্ক সমস্যা ও মোবাইলে চার্জ না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালে জেলার ৬ লাখ ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এতে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে অনেক লাইনে পুনরায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো যাচ্ছে না। পরে বলতে পারবো কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’
সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, ‘আমাদের ৫৬ হাজার গ্রাহক। ঘূর্ণিঝড় রিমালে মূল সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় এবং কয়েকটি খুঁটি ভেঙে যাওয়ায় রবিবার রাত ১১টার পর থেকে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঝড় থামার পরপরই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমরা কাজ শুরু করছি। ১১টি ফিডারের মধ্যে আটটি চালু করতে পেরেছি। ৫৬ হাজার গ্রাহকের মধ্যে ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। বাকিদের বিদ্যুৎ সরবরাহে আমরা কাজ করছে যাচ্ছি। ঝড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা হচ্ছে না। ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ করছি।’









