ঘন কুয়াশা ছাপিয়ে লিট ফেস্ট প্রাঙ্গণে আনাগোনা শুরু হয়েছে সাহিত্যপ্রেমীদের। আজ শুক্রবার (৬ জানুয়ারি) লিট ফেস্টের দ্বিতীয় দিন সকাল ৯টায় শাহ সুফি সরদার আমির উদ্দিন চিশতীর সুফি সংগীত পরিবেশন করেন সরদার আফসার উদ্দিন।
এরপর সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্ভাবনী আলাপে বিজ্ঞানী সেঁজুতি সাহার সঙ্গে আলাপে মজবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সময়ে আরও তিনটি সেশন থাকছে, যার মধ্যে শিশুদের জন্য আছে গল্প বলার সেশন। ‘আগামীর আখ্যান’ নিয়ে আলাপ করবেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।
এরপর সকাল সোয়া ১১টায় ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের প্রযোজক ও পরিচালক সাদাফ সায্। পাশাপাশি সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য সাংবাদিকরা। দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের আয়োজনে যুক্ত হবেন সাফ ফুটবল বিজয়ী নারী দলের সদস্যরা। শিশুদের জন্য একই সময়ে পাপেট শো পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার।
দুপুর পৌনে ২টায় লেখার স্বাধীনতা নিয়ে আলাপ করবেন আলোচকরা। সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে আলাপ করবেন যুক্তরাজ্যের অধ্যাপক সারাহ চার্চওয়েল। দুপুর ৩টায় সোমালীয় লেখক নুরুদ্দিন ফারাহ’র মুখোমুখি হবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক ড. কাজী আনিস আহমেদ। একই সময়ে থাকছে ওটিটি কন্টেন্ট নিয়ে আলোচনা। বিকাল সাড়ে ৫টায় ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটনের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। এছাড়া সারাদিন শিশুদের জন্য নানা আয়োজনের পাশাপাশি থাকছে সঙ্গীত পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।
দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শুরু হয় দেশি বিদেশি কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট ২০২৩। এবার ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল এই উৎসব।
চার দিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০-এরও বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। পাশাপাশি চারদিন ব্যাপী এই আয়োজন শুধু বড়দের জন্যই না, থাকছে শিশুদের জন্যও নানা আয়োজন। শিশুদের বিজ্ঞান চর্চা, বিনোদন, জ্ঞান চর্চা’র কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঢাকা লিট ফেস্টের অনুষ্ঠানগুলো।
অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে লগইন করতে হবে www.dhakalitfest.com ওয়েবসাইটে। এবারের আয়োজনে প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিটের। ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনে এবং সশরীরে টিকিট কেনা যাবে। এছাড়া বাংলা একাডেমির মূল প্রবেশমুখে থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।









