অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন হাসালেন। রসিকতা করলেন। সাহিত্য, সমাজ ও বৈশ্বিক সংকট নিয়ে নিজের দর্শনের কথা জানালেন। ৬২ বছর বয়সী এই তারকার মুগ্ধ করা কথাবার্তায় কখন যে এক ঘণ্টা কেটেছে টের পায়নি কেউ! তার আলাপচারিতাকে মনে হচ্ছিল কোনও ছোটগল্প। যেন শেষ হয়েও হলো না শেষ!
দশম ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলাপচারিতায় অংশ নেন টিল্ডা সুইনটন। আড্ডার শিরোনাম ছিল ‘আ স্যালুট টু ফেলোশিপ’। কারণ, ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে বিএফআই ফেলোশিপে ভূষিত হন তিনি। সঞ্চালক ঢাকা লিট ফেস্টের অন্যতম পরিচালক আহসান আকবার এই বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, ‘করোনা মহামারি শুরুর মাত্র কয়েক দিন আগে এই অর্জন ছিল অন্য রকম মর্যাদার।’
সঞ্চালক শুরুতে উল্লেখ করেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো উৎসবটিতে এলেন টিল্ডা সুইটন। টিল্ডা সুইনটন অভিনীত ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ চলচ্চিত্রের একটি দৃশ্যে ঢাকা লিট ফেস্টের ব্যাগ দেখা গেছে। সঞ্চালক সেই স্থিরচিত্র পর্দায় দেখিয়ে এর নেপথ্যের গল্প জানতে চেয়েছেন।’
টিল্ডার কথায়, ‘অস্ট্রেলিয়ার সিডনিতে পরিচালক জর্জ মিলারের সঙ্গে ছবিটিতে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। আমার চরিত্রটি ছিল একজন অধ্যাপকের। তখনই মনে হয়, একটি দৃশ্যে ঢাকা লিট ফেস্টকে রাখা দরকার। সেই ভাবনা থেকে উৎসবটিকে চিরকালের জন্য বড় পর্দায় অমর করে দিলাম!’
টিল্ডা সুইনটন উল্লেখ করেন, তিনি কখনোই অভিনেত্রী হতে চাননি। তার ইচ্ছা ছিল লেখক হওয়ার। তিনি বলেন, ‘সাহিত্য আমার বরাবরের প্রিয় বিষয়।’
আহসান আকবারের সঙ্গে আলাপে কথায় কথায় সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের নেতিবাচক দিক তুলে ধরেন টিল্ডা সুইনটন।
একপর্যায়ে আয়োজকদের একজন কর্মী চিরকুট নিয়ে এলে টিল্ডা সুইনটন রসিকতা করে বলেন, ‘ব্রেকিং নিউজ এসেছে!’ পরে বোঝা গেল, চিরকুটে দর্শকদের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে বলা হয়েছে।
এক তরুণীর প্রশ্নের উত্তরে টিল্ডা সুইনটন বলেন, ‘আমরা যা কিছুই করি, আমরা প্রত্যেকে শিল্পী। যিনি অভিনয় করেন, তিনিও শিল্পী। যিনি সন্তানকে লালন-পালন করেন, তিনিও শিল্পী। যিনি ঘর সাজান, তিনিও একধরনের শিল্পী। তাই নিজেকে ধরাবাঁধা নিয়মে রাখা ঠিক না। কাউকে বলার সুযোগ দেওয়া যাবে না কে কী ধরনের শিল্পী।’
আরেক দর্শক প্রশ্ন ছুড়ে দেন, কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়? টিল্ডা সুইনটন তখন রসিকতা করলেন, ‘একজন মাকে তার কোন সন্তান প্রিয় জানতে চাইলে কী উত্তর দেওয়া যায়!’
আলাপ শুরুর আগে টিল্ডা সুইনটনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য এটারনাল ডটার’-এর ট্রেলার দেখানো হয়। আলাপচারিতা শেষে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দেখানো হয় তার ধ্রুপদি চলচ্চিত্র ‘অরল্যান্ডো’। ২০২২ সালে এর ৩০ বছর পূর্তি হয়েছে। এটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে প্রকাশিত ভার্জিনিয়া উলফের ‘অরল্যান্ডো: অ্যা বায়োগ্রাফি’ উপন্যাস অবলম্বনে। এটি তার প্রিয় উপন্যাসগুলোর একটি।
টিল্ডা সুইনটনের ক্যারিয়ার পুরোটাই বৈচিত্র্যময়। রানি এলিজাবেথ থেকে শুরু করে মারভেল স্টুডিওসের সুপার হিরো চলচ্চিত্র ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর অ্যানসেন্ট ওয়ানের মতো নানা রঙের চরিত্র সেটাই প্রমাণ করে। তবে সাহিত্য তাকে টেনে নেয় দেশ থেকে দেশে। সেই টান থেকেই তিনি ঢাকা লিট ফেস্টে। আর তার হাত ধরে ঢাকা লিট ফেস্ট পৌঁছে গেল হলিউডে!









