খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির আজকের মহাসমাবেশে দলের চিকিৎসকদের পক্ষ থেকে কাজ করছে ৮টি মেডিক্যাল টিম। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের জরুরি স্বাস্থ্য সেবা দিতে অ্যাম্বুলেন্স নিয়ে অবস্থান নিয়েছে এসব মেডিক্যাল টিম।
সরেজমিন দেখা যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া বিএনপির নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে উপস্থিত মেডিক্যাল টিম থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
দেলোয়ার হোসেন নামের একজন বিএনপির কর্মী বলেন, ‘সকাল থেকে কিছু খাইনি। এ কারণে বোধহয় হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করছি। তারপর কলা-রুটি খেলাম, কিন্তু ব্যথার কোনও উন্নতি হলো না। তাই আমার এলাকা থেকে আসা নেতাকর্মীরা এখানে নিয়ে এসেছে। এখানকার প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থ বোধ করছি।’
আমির হোসেন নামের বিএনপির আরেক কর্মী বলেন, ‘মেডিক্যাল টিমের ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যাদের অবস্থা গুরুতর তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন। এখানে মাথা ব্যথা, বুক ব্যথা গ্যাস্ট্রিক, পেট ব্যথা, কেটে গেলে ব্যান্ডেজ করে দেওয়াসহ ইত্যাদির চিকিৎসা দিচ্ছেন। নেতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল টিম গঠন বিএনপির একটি ভালো উদ্যোগ।’
অ্যাম্বুলেন্সে অবস্থানরত রফিকুল ইসলাম সোহাগ নামে মেডিক্যাল টিমের এক সদস্য বলেন, ‘সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে এসেছেন। তাদের সুস্থ রাখার জন্য ৮টি টিমে মেডিক্যাল ইউনিট কাজ করছে। প্রতি টিমে তিন জন করে ডাক্তার আছেন। তারা বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেবেন। এছাড়া তারা সমাবেশে পানি সরবরাহ করবেন।’









