রাজধানীর নিউ সুপার মার্কেটসহ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে জানিয়েছে চরমোনাই পীর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, ‘অগ্নিকাণ্ড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলে দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সরকার ঘটনার মূলে না গিয়ে প্রতিটি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যা কারও কাম্য হতে পারে না। ক্ষমতাসীনদের উদাসীনতা ও জবাবদিহিহীনতার অভাবে এই ধরনের মর্মস্পর্শী ঘটনার অবতারণা হচ্ছে বার বার; যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’
এদিকে রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। রবিবার (১৬ এপ্রিল) সকালে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ নিউ সুপার মাকেট পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও মাওলানা কামাল হোসাইন প্রমুখ।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। সেইসঙ্গে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমের সঙ্গে কথা বলেন, যারা ঘটনা শুরু থেকেই কাজ করছেন।









