যেভাবে সাজানো হয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ জুন ২০২৬, ১৬:২৩আপডেট : ১৮ জুন ২০২৬, ১৬:৩৮

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে গৃহীত অন্তর্বর্তীকালীন চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের সামনে ১৪ দফার এই উচ্চ-পর্যায়ের সমঝোতা স্মারকটি পড়ে শোনান।

ইসলামাবাদ সমঝোতা স্মারক শিরোনামের এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নেওয়ার মতো বেশ কিছু জটিল ও কঠিন বিষয়কে চূড়ান্ত চুক্তির ওপর ছেড়ে দিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সমঝোতার ওপর ভিত্তি করেই আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে ৬০ দিন মেয়াদী এক বৃহত্তর আলোচনা পর্ব শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

মার্কিন কর্মকর্তার পড়ে শোনানো সম্পূর্ণ নথিটির ১৪টি দফা নিচে তুলে ধরা হলো:

১. সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ: এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং চলতি যুদ্ধে তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিচ্ছে। এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনও যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করবে না এবং শক্তিপ্রয়োগ বা হুমকি দেওয়া থেকে বিরত থাকবে। একই সঙ্গে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। চূড়ান্ত চুক্তিতেও সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির এই ধারা বহাল থাকবে।

২. সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা: যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাবে এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে।

৩. চূড়ান্ত চুক্তির সময়সীমা: উভয় পক্ষ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আলোচনা শেষ করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।

৪. নৌ-অবরোধ প্রত্যাহার: এই সমঝোতা সইয়ের পরপরই যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ এবং সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণ শেষ করবে। এই সময়ে বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধপূর্ববর্তী সংখ্যার অনুপাতে ইরান কর্তৃক পুনর্বহাল করা হবে। এছাড়া চূড়ান্ত চুক্তি হওয়ার ৩০ দিনের মধ্যে ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে।

৫. হরমুজ প্রণালী উন্মুক্তকরণ: সমঝোতা সইয়ের পর ইরান পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং ওমান সাগর থেকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও টোল-মুক্ত চলাচলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এই সুবিধা কেবল ৬০ দিনের জন্য প্রযোজ্য হবে। বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে শুরু হবে এবং কারিগরি ও সামরিক বাধা অপসারণ ও মাইন মুক্তকরণ বিবেচনা করে ৩০ দিনের মধ্যে তা পুরোপুরি কার্যকর করা হবে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সামুদ্রিক সেবার বিষয়ে ইরান আন্তর্জাতিক আইন ও উপকূলীয় দেশগুলোর সার্বভৌম অধিকারের আলোকে ওমান এবং পারস্য উপসাগরের অন্যান্য উপকূলীয় দেশের সঙ্গে আলোচনা করবে।

৬. ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলার: আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি চূড়ান্ত ও পারস্পরিক সম্মত পরিকল্পনা তৈরি করবে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স, ছাড় ও অনুমতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

৭. নিষেধাজ্ঞা অবসান: চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে একটি সম্মত সময়সূচি অনুযায়ী ইরানবিরোধী সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আইএইএ গভর্নিং বোর্ডের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। উভয় পক্ষই এই ধারাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এ বিষয়ে পারস্পরিক চুক্তিতে পৌঁছাতে অবিলম্বে আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করেছে।

৮. পারমাণবিক কর্মসূচি: ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কোনও পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। দুই দেশ তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে আইএইএ-এর তত্ত্বাবধানে সমৃদ্ধির মাত্রা কমানো পদ্ধতির মাধ্যমে একটি পারস্পরিক সম্মত উপায়ে সমাধানে পৌঁছাতে সম্মত হয়েছে। এছাড়া চূড়ান্ত চুক্তির একটি সন্তোষজনক কাঠামোর ওপর ভিত্তি করে ইরানের পারমাণবিক চাহিদা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আলোচনা করতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

৯. স্থিতাবস্থা বজায় রাখা: চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষ বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা ধরে রাখবে এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র নতুন কোনও নিষেধাজ্ঞা আরোপ করবে না কিংবা অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে না।

১০. তেল রফতানিতে ছাড়: সমঝোতা সইয়ের পরপরই এবং নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও তা থেকে উৎপাদিত অন্যান্য পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেবে। এর মধ্যে ব্যাংকিং লেনদেন, বীমা এবং পরিবহনসহ সমস্ত আনুষঙ্গিক সেবা অন্তর্ভুক্ত থাকবে।

১১. জব্দকৃত সম্পদ অবমুক্তকরণ: ইরানের জব্দকৃত বা অবরুদ্ধ সব তহবিল ও সম্পদ পুরোপুরি ব্যবহারের উপযোগী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সমঝোতা বাস্তবায়নের পর আলোচনা চলাকালে এই তহবিলগুলো ছেড়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে উভয় দেশ পারস্পরিক সম্মতিতে পৌঁছাবে। এই অর্থ মূল অ্যাকাউন্টে রাখা হোক বা স্থানান্তরিত করা হোক, সেন্ট্রাল ব্যাংক অব ইরান কর্তৃক নির্ধারিত যেকোনও চূড়ান্ত সুবিধাভোগীকে অর্থ প্রদানের জন্য তা সম্পূর্ণ ব্যবহারযোগ্য করা হবে। যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী প্রয়োজনীয় সব লাইসেন্স ও অনুমোদন জারি করবে।

১২. পর্যবেক্ষণ কমিটি: এই সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তির শর্তাবলি মেনে চলার বিষয়টি তদারকি করতে একটি নির্বাহী পর্যবেক্ষণ মেকানিজম বা কমিটি গঠন করা হবে।

১৩. পরবর্তী আলোচনা: এই সমঝোতার ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর অনুচ্ছেদগুলোর বাস্তবায়ন শুরু হওয়া এবং তা অব্যাহত থাকার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একচেটিয়াভাবে বাকি অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা শুরু করবে।

১৪. জাতিসংঘের অনুমোদন: চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত ও সমর্থিত হবে। 

সূত্র: রয়টার্স

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
মেকেদাতু ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজয়ের জবাব, ‘জনগণের জন্য অপমানও মেনে নেবো’
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
সর্বশেষ খবর
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ
গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার
দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা