রাজনৈতিক কর্মসূচির খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।
শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি কর্মীদের হামলায় অনেক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল।
শনিবার বিএনপির ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলা করেন সাংবাদিকদের ওপর।
সাংবাদিকদের ওপর হামলাকারীরা যাতে কোনও ছাড় না পায় তার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এডিটরস গিল্ড।









