ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর কোথাও জলাবদ্ধতা তৈরি হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি সেবার হটলাইনে ফোন দিয়ে জানাতে পারবেন রাজধানীরবাসী। সোমবার (২৭ মে) সংস্থা দুটি থেকে একথা জানানো হয়।
জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি সেবা নম্বরটি হলো ১৬১০৬। আর দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি সেবা নম্বর ০১৭০৯৯০০৮৮৮।
ঢাকার দুই সিটি করপোরেশন থেকে বলা হয়, কোথাও জলাবদ্ধতা তৈরি হলে জরুরি নম্বরে সে তথ্য জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের উপকূলীয় এলাকায় হানা দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। রবিবার (২৬ মে) দিবাগত রাত থেকেই ঢাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। বৃষ্টিতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানিতে ডুবেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।









