সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় অবস্থান নিয়েছেন নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদসহ জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে যান। এছাড়া বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রস্তুত করা মঞ্চের সামনে নেতাকর্মীদের বসে থাকতে দেখা যায়।
সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কাকরাইল, সেগুনবাগিচা এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। এতে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে কাকরাইল মসজিদ, পুরানা পল্টন মোড় থেকে শুরু করে নাইটিংগেল মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ মানুষসহ পরিবহন শ্রমিকরা।
ধোলাইপারে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চালক শাহআলম বের হন সকাল ৭টায়। তিনি বলেন, ‘সকাল ৭টায় গাড়ি নিয়ে বের হয়েছি, এখন পর্যন্ত কোনও যাত্রী পাই নাই।’
সিএনজি চালক আবদুল বারেক সকাল ৭টায় যাত্রবাড়ীর বিবির বাগিচা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। সকাল সোয়া ১০টার দিকে পল্টন মোড়ে এসে তিনি বলেন, ‘সকালে একটা ট্রিপ পেয়েছিলাম শাহবাগ পর্যন্ত। ওই একটাই। এরপরে পল্টনে এসে বসে আছি। যাত্রী পাই না। দুপুর ১টা পর্যন্ত দেখবো। পরে এলাকায় চলে যাবো।’
বনশ্রী থেকে পল্টনে আসতে গিয়ে ভোগান্তিতে পড়েন আহাদ হোসেন। তিনি বলেন, ‘দুইবার রিকশা পাল্টে বেশ খানিকটা পথ হেঁটে তারপর পল্টনে আসতে হয়েছে। আমার একটি জরুরি কাজে এখানে আসতে হয়েছে। না হলে বাসা থেকে বের হতাম না।’









