বাংলা ট্রিবিউন রিপোর্ট
কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. বাবুল হাওলাদার (৪৮)। তিনি পেশায় রঙ মিস্তিরি ছিলেন।
রবিবার (২৮ জুলাই) রাত ১০টায় ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে গত ১৯ জুলাই হাতিরঝিল থানা এলাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২১ জুলাই থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ময়নাতদন্তের পর সোমবার (২৯ জুলাই) বিকালে নিহত বাবুলের মরদেহ তার ছেলে মো. পারভেজের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কোটা আন্দোলনের পরবর্তী সহিংসতায় নিহত ৯৮ জনের মরদেহ ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত করা হলো।
নিহত বাবুল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে। বর্তমানে রামপুরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
নিহতের ছেলে পারভেজ বলেন, ‘ঘটনার দিন বাবা কাজ থেকে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হন।’








