জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীদের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় এলে ছাত্রলীগ হামলা চালায়৷ এসময় হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের শাখা সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে হামলার নেতৃত্ব দিতে দেখা যায়।
সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা সেবা নিচ্ছে এবং একেরপর এক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিতে আসছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশীদ জিতু, মাহফুজ ইসলাম মেঘকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সমন্বয়ক জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাপ্পি গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সেবা নিয়েছেন।
এছাড়া সংঘর্ষ চলাকালে রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন গুরুতর আহত হয়েছেন। এমনকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে সেবা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অমিতাভ জানান, আমি ৮টার সময় এসে অন্তত ২০-৩০ জনকে রক্তাক্ত অবস্থায় পেয়েছি৷ রাত সাড়ে আটটায় মেডিক্যাল সেন্টারে সর্বশেষ তথ্যমতে, অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত ২০-২৫ জনকে সাভারের এনাম মেডিক্যালে পাঠানো হয়েছে।
আহত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আদর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল এলাকায় এলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীরা আগে থেকেই লাঠিসোটা নিয়ে প্রস্তুত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকে জানা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷
সর্বশেষ তথ্য অনুযায়ী হামলার প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভিসির বাসার সামনে অবস্থান করছিলেন।









