সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় হতাহত, গণগ্রেফতার ও হামলা-মামলার প্রতিবাদে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় একই স্থানে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধ্বস্তাধস্তি এবং বাগবিতণ্ডা হয়।
পরে জিরো পয়েন্টের গোলাপ শাহ মাজার রোডে বসে পড়েন সংস্কৃতিকর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশে ‘খুনি, খুনি’ বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থকেন। সেখানে তারা প্রায় সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় জিরো পয়েন্ট থেকে বাবুবাজার অভিমুখের সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
উদীচীর সহসভাপতি জামশেদ আহমেদ তপন বলেন, আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাঁধার কারণে সেটি সম্ভব হয়নি, সেজন্য আমরা সড়কেই অবস্থান নিয়েছি। আগামী শুক্রবার বিকাল ৩টায় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে শোক মিছিল করা হবে।









