ঢাকার আদালত থেকে ৩৬ জনসহ সারা দেশের মোট ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। পৃথকভাবে আইন ও শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
শনিবার (৩ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয়ে জানায়, শনিবার জামিন পাওয়া এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে চার জন রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগের চার জন ছিলেন।
আর বরিশাল বিভাগে কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক নেই বলেও দাবি করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া ঢাকা বিভাগ থেকে আরও ৩৬ জন সাধারণ ছাত্র জামিন পেয়েছেন বলে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই ৩৬ জন পরীক্ষার্থীর জামিন হয়েছে বলে জানানো হয়। সব মিলিয়ে মোট ১০৪ জন পরীক্ষার্থীর জামিন হলো।
শুক্রবারও (২ আগস্ট) ঢাকাসহ সারা দেশের বিভিন্ন আদালতে ৭৮ জন পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়। কোটা আন্দোলনকে কেন্দ্র সৃষ্ট সহিংস পরিস্থিতির মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছিল।









