শুক্রবার সকাল থেকে গাবতলী এলাকা দিয়ে রাজধানীতে প্রবেশ করা গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। ঢাকা জেলা পুলিশ আমিনবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করায় অনেক যানবাহন রাজধানীতে ঢুকতে পারছে না। যে কয়টি গণপরিবহন রাজধানীতে ঢুকেছে সেগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে রাজধানীর গাবতলী এলাকার ঘুরে দেখা গেছে, সরকারি ছুটির কারণে জনসাধারণের চলাচল এবং বাসের সংখ্যা কম। ঢাকায় প্রবেশ করা প্রতিটি বাস তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে।
আমিনবাজার থেকে গাবতলী ব্রিজ হেঁটে পার হওয়ার সময় পথচারী বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ধামরাই থেকে আসার পর আমিনবাজারে আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে। আমিনবাজার থেকে হেঁটে গাবতলী পার হচ্ছি। আগারগাঁওয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের চাবি দেখিয়েছি।
হেঁটে গাবতলী এলাকা পার হওয়ার সময় আরেক পথচারী শের আলী বাংলা ট্রিবিউনকে বলেন, কাজের কারণে প্রতিদিনই আমাকে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। আজ পুলিশ আমিনবাজারে নামিয়ে দিয়েছে। তারা বলেছে, সমাবেশের কারণে গাড়ি ভেতরে যাবে না। প্রতিদিন গাড়িতে যাওয়ার জন্য ৪০ টাকা খরচ হয়, আজ এখন পর্যন্ত ১০০ টাকা খরচ হয়ে গেছে। আমরা নিম্ন আয়ের মানুষের কষ্ট কেউ বুঝে না। গন্তব্য পর্যন্ত যেতে পারছি না আর গাড়িও পাচ্ছি না।
গাবতলীতে চেকপোস্ট পরিচালনাকারী ট্রাফিক সার্জেন্ট হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমিনবাজার পার হয়ে যেসব গাড়ি রাজধানীতে ঢুকছে সেসব গাড়ির কাগজপত্র চেক করছি। যেসব গাড়ির কাগজপত্র যথাযথ নেই সেসব গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









