নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর পক্ষে ভোট চেয়েছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি নৌকার সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকারকে ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান।
মুফতি ফয়জুল করিম বলেন, ‘আপনারা আইভীকে ভোট দেবেন কেন? নির্বাচনের সময় ধরে নেন, তার ক্ষমতা নেই। ওনার তো নতুন কোনও বক্তব্য নেই। আমরা শুধু দেখবো, বিগত পাঁচ বছর আগে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বাস্তবতা আছে, নাকি নেই। যদি সেই বক্তব্যের বাস্তবতা না থাকে তাহলে বলবো, আইভী নারায়ণগঞ্জ থেকে ভাগেন। আর ভোট দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার আগেও নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। যে একবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে সে বারবার সরে যেতে পারে। সে ওয়াদা করেছিল, নির্বাচনে থাকবে এবং অংশগ্রহণ করবে। কিন্তু থাকতে পারেনি। কাজেই প্রতারণা করেছে।’









