কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে একটি টিম গঠন করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম এই টিমের নেতৃত্ব দিচ্ছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) এবি পার্টির সহযোগী সংগঠন যুবপার্টির অফিস সম্পাদক আলী নাসের খান বলেন, কোনও শিক্ষার্থীকে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি করা হলে আমাদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছি। বিনামূল্যে আন্দোলনরতরা আইনি সহায়তা পাবে।
তিনি জানান, আইনজীবীদের দলে রয়েছেন– অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।
দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে এই টিম গঠনের কথা জানান। তিনি উল্লেখ করেন, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষার্থীদের আইনি সহায়তা দেবেন তারা।








