সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এ সময় তাদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার‘, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় ক্যাম্পাসে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর চবির সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার দাবিতে আন্দোলন করছি। অথচ রাষ্ট্রের প্রধান চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলনকারীদের বিষয়ে যে উক্তি আজ করেছেন, তা আমাদের মর্মাহত করেছে। এর প্রতিবাদে রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছেন। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের কর্মী সুমনসহ তিন জন আহত হয়েছেন।









