সতর্ক অবস্থানে আ.লীগ, পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি

মাহফুজ সাদি
৩০ জুলাই ২০২৩, ২৩:১৮আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২৩:১৮

বিএনপিসহ বিরোধী দলগুলো (যুগপৎ) তৃণমূল থেকে কর্মসূচি রাজধানী পর্যন্ত এনে মহাসমাবেশ করার পর ঢাকার প্রবেশমুখে অবস্থান নিয়েছিল। সংঘাতের পর আবার মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তারা। সংঘাত এবং ‘ইউটার্ন’ নেওয়ার পর বিরোধীরা ফের কী ধরনের কর্মসূচিতে যায়, তা পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির নেতারা বলছেন, তারা সংঘাত চান না। তবে বিএনপিকেও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি দেওয়া হবে।

আওয়ামী লীগের দুজন সভাপতিমণ্ডলীর সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদক জানান, বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর কর্মসূচির দিন শান্তি সমাবেশ বা প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এত দিন শান্তিপূর্ণভাবে উভয় পক্ষ কর্মসূচি পালন করলেও, শনিবার (২৯ জুলাই) সংঘাত তৈরি হয়েছে। বিএনপির মহাসমাবেশে তারেক রহমানের বার্তা প্রচারের পর এই ঘটনা ঘটলো। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নেতারা আরও বলেছেন, শনিবারের ঘটনাকে কেন্দ্র করে দুই দলই দেশব্যাপী নতুন কর্মসূচি দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রবিবার (৩০ জুলাই) শেষ হয়েছে। শনিবারের ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার (৩১ জুলাই) বিএনপির সমাবেশ হবে। পাল্টা সমাবেশ না ডেকে এই কর্মসূচির দিকে সতর্ক অবস্থানে থেকে কড়া নজর রাখবে আওয়ামী লীগ। বিএনপির গতিবিধির অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অল্প সময়ের নোটিশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামবে। সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতীতে বিএনপির জেলা ও মহানগরের কর্মসূচিতে বিভিন্ন স্থানে সংঘাত হয়েছে। তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে ছিল। তবে সোমবার বিএনপির মহানগর ও জেলার সমাবেশের দিন কর্মসূচি দিয়ে মাঠে থাকছে না আওয়ামী লীগ। তারেক রহমানের বার্তার পর এদিন আগের মতো বিএনপি সংঘাতের দিকে যায় কি না, সেটি পর্যবেক্ষণ করা হবে। তারপর সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের নতুন কর্মসূচি আসবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির দেখাদেখি আমরা কর্মসূচি দিচ্ছি না। আমরা আমাদের কর্মসূচি দিচ্ছি। বিএনপি শনিবার যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে, তার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। তারা কোন পথে হাঁটে, সেদিকে আমরা নজর রাখছি। বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি এবং থাকবো। জনগণকেও বলবো তাদের মোকাবিলায় এগিয়ে আসুন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি। সহিংসতা কখনও গণতন্ত্র ও রাজনীতির ভাষা হতে পারে না। তাদের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। নির্বাচন পর্যন্ত আমরা ১৫০ দিনই মাঠে থাকবো; প্রতিদিনই কোনও না কোনও কর্মসূচি থাকবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, তারেক রহমানের ভিডিও বার্তার উসকানিতেই বিএনপি সংঘাতে জড়িয়েছে। তিনি লন্ডনে বসে দলটির নেতাকর্মীদের উত্তেজিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেটি আওয়ামী লীগ হতে দেবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, বিএনপিকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে, আমরা সে অনুযায়ী কাজ করবো।

শনিবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবারও শুরু হয়েছে। ২০১৩-১৪ সালের মতো নির্মম-নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মীবাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করবো। আমরা সতর্ক অবস্থানে ছিলাম, আছি, থাকবো।

বিএনপির শুক্রবারের (২৮ জুলাই) মহাসমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা অবস্থান থেকে সরবে না, এটাই তাদের লিডার তারেক রহমানের নির্দেশ ছিল। তাদের (বিএনপি) আন্দোলনের এক দফা হলো অগ্নিসন্ত্রাস করা। তারা এটা শুরু করতো শুক্রবার। কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে করতে পারেনি।

/এনএআর/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি