কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা পড়বেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলের নেতারা। বুধবার (১৭ জুলাই) বায়তুল মোকাররমের উত্তর গেটে এ জানাজা হবে। এতে বিএনপিসহ যুগপতে যুক্ত ৩৯টি রাজনৈতিক দল যুক্ত হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাত জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে আগামীকাল বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর দেড়টায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে একই কর্মসূচি পালিত হবে।









