দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ‘সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কোনও ধরনের ওষুধ ও খাবার সংকট নেই। চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুরই ব্যবস্থা করা হবে।’ সোমবার (৬ জুন) বিকালে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিস্ফোরণের স্থান থেকে ৪১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের নয় জন। মরদেহগুলোর মধ্যে ২২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুজন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চার জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য সাত জনের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। তার মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’









