চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— বদরুজ্জামান (১৮) এবং ইমামুল (২৫)।
সোমবার (৬ জুন) দিবাগত রাতে তাদেরকে সেখানে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধরা চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে রয়েছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এখুনি বলা যাচ্ছে না। তাদের শরীরের অনেক অংশেই ব্যান্ডেজ করা।
এ নিয়ে দুর্ঘটনাস্থল থেকে ঢাকায় আনা অগ্নিদগ্ধ মোট রোগীর সংখ্যা ১৮। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আগে ছিল ১৫, এখন ১৭ জন। বাকি একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
এর আগে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২২ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করছে সিআইডি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে আরও একজন ভর্তি









