শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে সরকার। বুধবার (৮ জুন) পর্যন্ত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১০৪ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে ৫২ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিম ৬ জুন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন শ্রমিকের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। মঙ্গলবার (৭ জুন) এবং আজ বুধবার (৮ জুন) সকালে আরও প্রায় ৩৪ জন শ্রমিককে এ সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া বুধবার বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোপাল কৃষ্ণ ঘোষ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আগুনে দগ্ধ ৭ শ্রমিককে এই সহায়তা প্রদান করেন। এ দুর্ঘটনায় আহত ও চিকিৎসাধীন সব শ্রমিক পর্যায়ক্রমে এই সহায়তা পাবেন।
এর আগে শ্রম প্রতিমন্ত্রী স্মরণকালের এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব শ্রমিক মারা গেছেন, তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তা করার ঘোষণা দেন।









