চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুনের মতো আর কোনও ঘটনা সরকার দেখতে চায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি বলেছেন, এই ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ জুন) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সীতাকুণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাহেদ মালেক বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। বার্ন ইনস্টিটিউটে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা থেকে একটি মেডিক্যাল টিম চট্টগ্রামে গেছে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চট্টগ্রামে একটি ভালো বার্ন ইউনিট আছে। তারপরও গুরুতর রোগীদের ঢাকায় আনা হচ্ছে। আরও ২-৪ জনকে আনা হতে পারে।
নিমতলী ও চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার মতো সীতাকুণ্ডের ঘটনার বিচার হবে কিনা, তা নিয়ে প্রশ্ন করা হয় স্বাস্থ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। আমাদের মূল কাজ মানুষকে সুস্থ করে তোলা। সেদিকেই মনোযোগ দিচ্ছি। তবে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ বার্ন ইনস্টিটিউটের আরও কয়েকজন চিকিৎসক।









