মাদারীপুর-৩ আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রবিবার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে এই আসনের ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দেওয়ায় বাধার সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তাহমিনা বেগমের সমর্থকরা। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হয়। পরে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন চার জন। এ সময় ভোটকেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে।
পরে দুপুরে উভয়পক্ষের লোকজন পুনরায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশকয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও ওঠে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ১৫-২০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলে সেখান থেকে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। পরে প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর-৩ আসনে প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র তাহমিনা বেগম, জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস। কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন।









