‘কোটা পদ্ধতি সংস্কারের ব্যর্থতা ও নিরপরাধ শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি তাণ্ডবের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে’ বলে দাবি করেছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের তীর্থভূমিতে প্রতিদিন ছাত্র হত্যা করায় কোটা সংস্কার আন্দোলন আজ জাতীয় রাজনীতির প্রধান এজেন্ডায় পরিণত হয়ে পড়েছে। বলপ্রয়োগ এবং ছাত্র হত্যা করে অভূতপূর্ব এই জাগরণকে স্তব্ধ করা যাবে না’
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করেন। তিনি আরও আটটি দাবির কথা জানান।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য— আবু সাঈদসহ যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণা করা; অবিলম্বে পুলিশি অভিযান বন্ধ করতে হবে এবং পুলিশকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া; জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি সমন্বয়ে ‘তদন্ত কমিটি’ গঠন; বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে খুলে দেওয়া; সারাদেশে ছাত্র হত্যা ও তাণ্ডবে জড়িত ছাত্রলীগ ও যুবলীগের সকলকে ফৌজদারি বিচারের আওতায় আনা।
এছাড়া আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দাখিল করা সকল মামলা প্রত্যাহারের দাবি করেন রব।









