রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল।
ফায়ার সার্ভিসের উপপরিচালক বাবুল চক্রবর্তী বলেন, আমরা সকাল ৯টা থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছি। সেনাবাহিনীর আরেকটা টিম আসার কথা। ওরাও আসবে।
এঘটনায় কোন তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা বলতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাত তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা। তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী আসলে আবার কাজ শুরু হবে।’
এই বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে ১২০ জনেরও বেশি। কয়েকজন নিখোঁজ আছেন।









