দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-৭ আসনের চকবাজার ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী, ছোট ভাই ইরফান সেলিম এবং পরিবারের অন্য সদস্যরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোলায়মান সেলিম বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে আমার বাবা হাজী সেলিম যে লড়াই লড়েছেন সেটা অব্যাহত রাখতে চাঁদাবাজি-সন্ত্রাসকে নির্মূল করতে এবং স্মার্ট ঢাকা গড়তে নৌকার কোনও বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমি নির্বাচিত হলে ঐতিহ্য রক্ষা করেই পুরান ঢাকার আমূল সংস্কার করবো। নিরাপদ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলবো পুরান ঢাকাকে।’
সারা দেশে যে বৃহৎ পরিসরে উন্নয়ন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হাতে নিয়েছে, তা পুরান ঢাকার ক্ষেত্রেও নিতে হবে। আমি নির্বাচিত হলে ঐতিহ্য নষ্ট না করে পুরান ঢাকাকে আধুনিক ও স্মার্ট হিসাবে গড়ে তুলবো।’
এর আগে, বেলা ১১টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সাংসদ হাজী মোহাম্মদ সেলিম।









