রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকাজ রাতের মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা। তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে সেনাবাহিনী আসলে উদ্ধারকাজ আবার শুরু হবে।
এদিকে উদ্ধারকাজ স্থগিত হলেও খোঁজ মেলেনি ভবনটি নিচ তলায় আনিকা এজেন্সির (স্যানিট্যারি সামগ্রীর দোকার) মালিক মনির উদ্দীন সুমনের (৪০)। বিকালে বিস্ফোরণের সময় সুমনের সঙ্গে দোকানের ম্যানেজার ইসমাইল (৪২) ও সুমনের ভাতিজা বিক্রয়কর্মী সম্রাটও (৩২) দোকানে ছিলেন। এর মধ্যে ইসমাইল ও সম্রাটের লাশ পাওয়া গেছে। তবে সুমনের কোনও খোঁজ পাচ্ছেন না বলে দাবি করছেন স্বজনরা। বিস্ফোরণের সময় তারা তিনজনই দোকানে ছিলেন বলে জানান তার ভাই। মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে মনির উদ্দিন সুমনের ভাই নিয়াজ মুর্শেদ তাওহীদ আহাজারি করতে করতে এ দাবি করেন।
নিয়াজ মোর্শেদ তাওহীদ জানান, সুমন ঘটনার ৫ মিনিট আগে পাশের দোকান থেকে চা খেয়ে নিজের দোকানে যান। ঘটনার সময় তিনি দোকানের ভেতরেই ছিলেন। তার খোঁজ পেতে আমরা এসেছি। তার ফোনে কল ঢুকছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। আমার ভাইকে না খুঁজেই উদ্ধারকাজ বন্ধ করা হলো।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। তবে পরবর্তীতে তিনি জানান, ভেতরে একজন আছে বলে স্থানীয়রা বলছেন। তবে আমরা ভেতরে কারও উপস্থিতি নিয়ে নিশ্চিত না।
উদ্ধার কার্যক্রম নিয়ে তিনি বলেন, এখন উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে। তারা উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানাবে।








