আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান এককভাবে কোনও সিদ্ধান্ত নেবে না। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ১৯৯০ এর দশকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া তিন দেশের একটি ছিলো পাকিস্তান। তবে এবারে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা হবে না বলে জানান তিনি।
ফাওয়াদ চৌধুরী বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিচ্ছিন্ন সিদ্ধান্ত পাকিস্তান নেবে না। আমরা অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি আর বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবো।’ তিনি জানান, গত রবিবার রক্তপাত ছাড়াই কাবুলের ক্ষমতা হস্তান্তর হওয়ায় পাকিস্তান খুশি হয়েছে।









