আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পরই দেশটির বিভিন্ন জায়গায় সর্বত্র বিচরণ করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিনোদন কেন্দ্রের পার্কে আনন্দে মত্ত তালেবান যোদ্ধারা। কারও কাঁধে কামান কেউ আবার একে-৪৭ অস্ত্র নিয়েই উদযাপনে মেতেছেন।
কাবুলের বিনোদনকেন্দ্রগুলো এখন তালেবানের দখলে। এ সুযোগে তারা নানা ধরণের রাইডে চড়ে বেড়াচ্ছে। বাচ্চাদের গাড়ি নিয়েই কেউ কেউ খেলায় মেতেছেন। গত ১৬ তারিখের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বিনোদন পার্কে বাচ্চাদের ‘স্ট্রাইকিং কার’ চালাচ্ছে তারা।
রয়টার্সের সাংবাদিক হামিদ শালিজি জানান, ছোট ছোট বৈদ্যুতিক গাড়িতে অস্ত্র নিয়েই চড়েন তালেবান সদস্যরা। প্রতিবেদকের অন্য একটি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি পার্কে ঘোড়া নিয়ে ছুটছেন তালেবান। শুধু তাই নয় জিমে নানা ধরণের সরঞ্জামাদি নিয়ে কসরত করতে দেখা গেছে তাদের। কেউ কেউ তখন অস্ত্র বহন করেই শরীরচর্চা করেন।
গত রবিবার বিনা প্রতিরোধেই রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান গোষ্ঠী। ক্ষমতায় বসতে কাজ করে যাচ্ছেন নেতারা। এ অবস্থায় দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।









