কাবুল বিমানবন্দরের বাইরে একজনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সেখানে দ্বিতীয় কোনও বোমার বিস্ফোরণও ঘটেনি।
মেজর জেনারেল উইলিয়াম টেইলর সাংবাদিকদের জানান, মার্কিন সেনাবাহিনী বিশ্বাস করে একজনের দ্বারাই শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। 'আমরা বিশ্বাস করি না বিমানবন্দরের হোটেলের কাছে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এই তথ্যটি সংশোধন করা প্রয়োজন’।
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি ও সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম।
গতকালের হামলায় কাবুলে ৯০ আফগানসহ ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন শতাধিক মানুষ। এ ঘটনায় নিন্দা ঝড় বয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।









