বিরোধীদের সর্বশেষ শক্ত অবস্থান পাঞ্জশির উপত্যকার যোদ্ধাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছে তালেবান। টুইটারে দেওয়া এক অডিও বার্তায় সিনিয়র তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি জানান, আলোচনা ব্যর্থ হয়েছে। যোদ্ধাদের অস্ত্র নামিয়ে রাখায় চাপ প্রয়োগ করতে পাঞ্জশিরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি দাবি করেছেন, আগের রাতে পাঞ্জশিরে তালেবানের একটি হামলা প্রতিহত করা হয়েছে। এতে ৩৪ জন তালেবান নিহত হয়েছে।
কাবুলের উত্তরাঞ্চলে পাঞ্জশির উপত্যকার প্রতীকী মূল্য রয়েছে। বহু দশক ধরেই এটি কোনও আগ্রাসী শক্তির অধীনে যায়নি। দুর্গম এই উপত্যকায় কয়েক হাজার তালেবানবিরোধী যোদ্ধা রয়েছে।
তবে তালেবানদের দাবি, এই উপত্যকার চারপাশ ঘিরে ফেলেছে তারা। বিরোধীদের আলোচনায় আসার আহ্বানও জানিয়েছেন তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি। তিনি বলেন, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সব নাগরিকের বাসভূমি হবে।’








