পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে মরিয়া চীন। এমন দাবি করেছেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, দীর্ঘ দুই দশক পর মার্কিন বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম ঘাঁটি ছেড়ে যাওয়ায় সেখানে নজর পড়েছে বেইজিং-এর।
আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটিকে কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে। গত ২০ বছর তালেবান এবং আল-কায়েদাবিরোধী যুদ্ধের কেন্দ্রে থেকেছে এই ঘাঁটি। গত জুলাইয়ে রাতের আঁধারে বৃহৎ বিমান ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্র।
আর এ সুযোগে দখল করতে মরিয়া হয়ে উঠেছে চীন। সাবেক মার্কিন কূটনীতিক নিকি বলেন, ‘আমি নিশ্চিত বিমান ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিতে চাইছে চীন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নজর দেওয়া উচিত’।
নিকির মতে, পশ্চিমা বাহিনী চলে যাওয়ায় তারা আফগানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে যাওয়ার জন্য পাকিস্তানকে শক্তিশালী করে তুলতে চাইছে শি জিনপিং-এর সরকার।
ফলে আমেরিকাকে শিগগিরই তার বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলতে হবে। ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলে বাগরাম বিমান ঘাঁটি মার্কিন সেনাদের ফের নিজেদের দখলে নেওয়ার পরামর্শ দেন নিকি।
তিনি আরও বলেন, পাকিস্তানকে কাজে লাগিয়ে যে কোনও মুহূর্তে ভারতে নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা। ফলে সেদিকেও নজর রাখা উচিত।









