কাবুল বিমানবন্দরে হামলা ঠেকাতে চালানো ড্রোন হামলায় অন্তত নয় জন আফগান বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ইসলামিক স্টেট এর আফগান শাখার সংশ্লিষ্ট এক ব্যক্তিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে বেসামরিক মৃত্যু কিভাবে ঘটেছে তা স্পষ্ট নয়।
কাবুলের বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত চার শিশু রয়েছে। নিহতদের এক আত্মীয় মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছেন নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, গাড়িতে ড্রোন হামলার পর শক্তিশালী জোরালো বিস্ফোরণ ঘটেছে। তাদের দাবি এই বিস্ফোরণে মনে হচ্ছে গাড়ির অভ্যন্তরে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিলো আর তাতেই অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে।









