মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান এই তথ্য জানিয়েছেন। বাইডেন এই ভাষণ ‘শিগগিরই’ দেবেন বললেও সোমবার দেবেন কিনা তা নিশ্চিত করেননি উপদেষ্টা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বাইডেন এখন আগস্টের ছুটিতে ক্যাম্প ডেভিডে অবস্থান করছেন। তবে সালিভান জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি ও দেশটি থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে আনার বিষয়ে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
সালিভান বলেন, উপযুক্ত সময়ে আমরা অবশ্যই আমেরিকার জনগণের উদ্দেশে ভাষণ দেব।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেনের সিদ্ধান্তকে আবারও সমর্থন জানান তিনি। এই উপদেষ্টাও তালেবানের উত্থানের জন্য আফগান সরকার ও দেশটির নিরাপত্তাবাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন।
সালিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন না আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ গ্রহণ অনিবার্য ছিল। তিনি ভেবেছেন আফগানবাহিনী লড়াই করতে পারবে। কিন্তু তারা নিজেদের দেশের জন্য লড়াই করতে এগিয়ে আসেনি।








