আফগানিস্তানের কাবুল থেকে যাওয়ার একটি সি-১৭ বিমানের চাকায় মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এ ঘটনায় পরিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
গত রবিবার তালেবান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল বিমানবন্দরে ভিড় করতে থাকে বহু আফগান নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মার্কিন সি-১৭ বিমানে উঠতে মরিয়া হয়ে ওঠে আফগান নাগরিকেরা। অনেকেই বিমানের ডানায় এবং চাকা ধরে দেশ ছাড়ার চেষ্টা করে। পৃথক এক ভিডিওতে দেখা যায়, কাবুল থেকে উড়াল দেওয়া একটি সামরিক বিমান থেকে ছিটকে পড়েছে দুই ব্যক্তি।
মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার কাবুল বিমানবন্দরে সি-১৭ বিমানটি অবতরণ করলে শত শত আফগান নাগরিক তা ঘিরে ধরে। বিমানটি ঘিরে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকলে সি-১৭ বিমানটির কর্মীরা দ্রুত বিমান ঘাঁটি ত্যাগের সিদ্ধান্ত নেয়।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনীর বিশেষ তদন্ত দল বিমানটির তথ্য এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা পর্যালোচনা করে দেখছে।








